আইনি সালতামামি, ২০২৫
২০২৫ সাল আইন ও বিচারব্যবস্থার প্রেক্ষাপটে এক নতুন গতিধারা নিয়ে এসেছে। পরিবর্তিত রাষ্ট্রীয় বাস্তবতা, জন আকাঙ্ক্ষা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের চাহিদার আলোকে এ বছর আইন প্রণয়ন ও বিচারিক ব্যাখ্যায় উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। অন্তর্বর্তী সরকারের সময়কালে একাধিক নতুন আইন ও অধ্যাদেশ (Ordinance) প্রণীত হয়েছে। উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তে আইনের প্রয়োগ ও ব্যাখ্যায় নতুন নজির সৃষ্টি হয়েছে, যা আইনাঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ পথনির্দেশনা হিসেবে বিবেচিত হবে।
এ বছর ফৌজদারি ও দেওয়ানি কার্যবিধিতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। একই সঙ্গে বিচার বিভাগের কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে পৃথক সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশসহ বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ আইন প্রণীত হয়েছে। এসব উদ্যোগ বিচার বিভাগের স্বাধীনতা ও আধুনিকায়নের পথকে আরও সুদৃঢ় করেছে। পাশাপাশি ন্যায়বিচারপ্রাপ্তি সহজতর হয়েছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির প্রতিফলন।
প্রতিবারের ন্যায়, ২০২৫ সালেও বাংলাদেশ সুপ্রীম কোর্টের ওয়েবসাইট, বিভিন্ন ল’ রিপোর্ট এবং রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত অধ্যাদেশসমূহ পর্যালোচনার মাধ্যমে নির্বাচিত আইন ও নজিরসমূহের একটি সংকলন আপনাদের সামনে উপস্থাপনের প্রয়াস নিয়েছি। আইনজীবী, বিচারক, আইন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় উপকরণ সহজবোধ্যভাবে উপস্থাপন করাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।
এবারের প্রকাশনা প্রস্তুতের সময় জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রমে ব্যস্ততা থাকলেও, আইন শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী ও বিচারকদের জন্য ‘আইনি সালতামামি, ২০২৫’ প্রকাশের এই ধারাবাহিক প্রয়াসকে আমি দায়িত্ব ও অঙ্গীকার হিসেবেই বিবেচনা করেছি। আশা করি, আমাদের এ ক্ষুদ্র উদ্যোগ সংশ্লিষ্ট সকলের জ্ঞানচর্চা ও পেশাগত প্রয়োজনে সহায়ক হবে। আমরা ভুল-ভ্রান্তির ঊর্ধ্বে নই, আপনাদের গঠনমূলক পরামর্শ ও মতামত এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করবে। সকলের সহযোগিতা ও অংশগ্রহণে ন্যায়বিচারের পথে অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই আমাদের প্রত্যাশা।