Research

আগাম জামিন: নজিরভিত্তিক বিশ্লেষণ

23 July 2025

বাংলাদেশের বিচার ব্যবস্থায় আগাম জামিন (Anticipatory Bail) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত বিষয়। যখন একজন ব্যক্তি কোনো জামিন অযোগ্য (Non-bailable) অপরাধে গ্রেফতার হওয়ার আশঙ্কা করেন, তখন তিনি গ্রেফতারের পূর্বে আদালতের কাছে জামিনের আবেদন করতে পারেন। ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধিতে (Cr.PC) আগাম জামিনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিধান ছিল না। ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারার বিচারিক ব্যাখ্যার মাধ্যমে এটি বিকশিত হয়েছে।

নাগরিকদের সাংবিধানিক মৌলিক অধিকার, বিশেষ করে জীবন ও স্বাধীনতার অধিকার (right to life and liberty) রক্ষার জন্য আগাম জামিনের যথাযথ প্রয়োগ অপরিহার্য। পাশাপাশি, আইনের শাসন নিশ্চিত করা এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করা রাষ্ট্রের অন্যতম কর্তব্য। এক্ষেত্রে এর সঠিক প্রয়োগও গুরুত্বপূর্ণ। কালের পরিক্রমায় “আগাম জামিনের” ধারণার বিবর্তন ঘটেছে। আগাম জামিনের এখতিয়ার প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের বিভিন্ন নজির স্থাপিত হয়েছে। সাধারণত, জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে জামিনের জন্য প্রথমে সংশ্লিষ্ট আদালতে (ম্যাজিস্ট্রেট আদালত) হাজির করা হয়। আগাম জামিন গ্রেফতার-পরবর্তী জামিন আদেশ নয়। বরং এটি একটি গ্রেফতার-পূর্ববর্তী মুক্তির আদেশ। দেশের বিদ্যমান ব্যবস্থায় আগাম জামিন একটি বিশেষ এবং সাধারণ জামিন আইনের একটি ব্যতিক্রম (exception to the general law of bail) প্রতিকার হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ এবং ব্যতিক্রমী পরিস্থিতিতে (extraordinary and exceptional circumstances) যথাযথ এবং বিচারিক বিবেচনার (judicial mind) মাধ্যমে মঞ্জুর করা হয়।

signature
23 July 2025