দেওয়ানি দাবি আদায়ে ফৌজদারি প্রক্রিয়া
বর্তমান বিচার ব্যবস্থায় দেওয়ানি বিরোধকে ফৌজদারি অপরাধে রূপান্তর বা ‘Criminalisation of Civil Wrongs’ একটি অত্যন্ত জটিল ও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইনের তাত্ত্বিক কাঠামো অনুযায়ী, দেওয়ানি আইন ব্যক্তি বা সংস্থার মধ্যকার ব্যক্তিগত অধিকার লঙ্ঘন ও পাওনা আদায়ের বিষয় নিয়ে কাজ করে। যেখানে মূল লক্ষ্য ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রতিকার প্রদান করা। অন্যদিকে, ফৌজদারি আইন সমাজের বিরুদ্ধে কৃত অপরাধের বিচার করে এবং অপরাধীকে শাস্তি প্রদানের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা রক্ষা করে। বাস্তব ক্ষেত্রে দেখা যায়, দেওয়ানি আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল বিচার প্রক্রিয়া এড়াতে অনেক বিচারপ্রার্থী তাদের বাণিজ্যিক বা পারিবারিক বিরোধকে ফৌজদারি মামলার ‘পোশাক’ (Cloak) পরিয়ে উপস্থাপনের চেষ্টা করেন। বিশেষ করে বিশ্বাসভঙ্গ (৪০৬ ধারা), প্রতারণা (৪২০ ধারা) এবং চেক প্রত্যাখ্যানের (১৩৮ ধারা) মতো বিষয়গুলোকে কেন্দ্র করে এই প্রবণতা প্রকট হয়ে উঠেছে। যার মূল উদ্দেশ্য থাকে প্রতিপক্ষকে গ্রেপ্তার বা পুলিশের ভয় দেখিয়ে দ্রুত সমঝোতায় আসতে বাধ্য করা। এই অতি-অপরাধীকরণ বা ‘Over-criminalization’ কেবল আদালতের ওপর মামলার পাহাড় তৈরি করছে না; বরং এটি মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ও মানবাধিকারেরও পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে।
এই পাঠে দেওয়ানি দায় ও ফৌজদারি অপরাধের মৌলিক পার্থক্যসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমন: বিরোধের ধরন, বিচারের লক্ষ্য, অপরাধমূলক মানসিক অবস্থা (Mens Rea) এবং প্রমাণের মানদণ্ড। এছাড়া, মানুষ বিভিন্ন কারণে দেওয়ানি বিষয়কে ফৌজদারি রূপ দিতে চায়। এর ফলে বিচার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ও আইনি প্রক্রিয়ার অপব্যবহার ঘটছে। এই বিষয়গুলো বিভিন্ন মামলায় আদালতের পর্যবেক্ষণ, নির্ভরযোগ্য গবেষণা ও বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এখানে বিশ্লেষণ করা হয়েছে। প্রবন্ধটিতে বাংলাদেশ ও ভারতের আদালতের গুরুত্বপূর্ণ বিচারিক নজিরসমূহ এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আফ্রিকা ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। যা এই সমস্যার গভীরতা বুঝতে সহায়তা করবে। পরিশেষে, আইন কমিশনের সুপারিশসমূহ এবং ডগলাস হুসাকের মতো আইন বিশেষজ্ঞদের মতামতের তুলে ধরা হয়েছে। এগুলোর আলোকে কীভাবে এই প্রবণতা রোধ করা যায় তার কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি একটি ন্যায়সংগত ও কার্যকর বিচার ব্যবস্থা কিভাবে গড়ে তোলা সম্ভব, সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিগত সংস্কারের প্রস্তাবনা পেশ করা হয়েছে।